আখাউড়ায় এনজিও ফিল্ড অফিসারের ঝুলন্ত লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৯:৪৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ৯৬৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পপি নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) ফিল্ড অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজারে অবস্থিত পপি এনজিওর তিনতলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম পাপন চন্দ্র দাস (২৮)। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার কোনাবুড়ি গ্রামের বাসিন্দা এবং কার্তিক চন্দ্র দাসের ছেলে।
বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) পপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার (এপিএম) ইকবাল হোসেন জানান, পাপন প্রায় ৯ মাস ধরে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তিনি ফিল্ডে গিয়েছিলেন। পরে অফিসে ফিরে কক্ষে প্রবেশ করে আর বের হননি। ব্যাংকে লেনদেনের সময় হয়ে গেলে সহকর্মীরা দরজায় ধাক্কা দেন, কিন্তু সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





















