ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন
- আপডেট সময় : ১১:৩৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও মূল্যবোধ চর্চার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার হাবলা উচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সততা স্টোরের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার পাপিয়া আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবলা উচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মমিনুল ইসলাম খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক মো. আরজু মিয়া। উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের মাঝে শৈশব থেকেই সততার অনুশীলন ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান। অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ গড়তে এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সীমা পোদ্দারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ‘সততা স্টোর’ হলো এমন একটি দোকান যেখানে কোনো বিক্রেতা থাকে না। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় পণ্য এখান থেকে সংগ্রহ করে পণ্যের গায়ে লেখা মূল্য অনুযায়ী নির্ধারিত বাক্সে নিজেরাই টাকা জমা রাখে। এর মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতার বাস্তব চর্চা গড়ে ওঠে।














