কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কনিকাড়া গ্রামের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সভার আয়োজন করা হয়। পরামর্শ সভায় সভাপতিত্ব করেন কনিকাড়া কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব এম. এ. কাইয়ুম সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনিকাড়া গ্রামের কৃতী সন্তান ও শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর. মজিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু মিয়া, আলহাজ্ব হাজী নান্নু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস ধন মিয়া, এরশাদুল হক, হাজী করিম, আক্কাস মিয়া, জাহাঙ্গীর আলম উজ্জ্বল, আরিফুল ইসলাম, মাসুম চৌধুরী এবং কাজী তাজ উদ্দিন আহমেদ। পরামর্শ সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন কনিকাড়া কবরস্থান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. সোহরাওয়ার্দীন চৌধুরী ও ডা. জামাল উদ্দিন।
সভায় বক্তারা কবরস্থানের সার্বিক উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের বিষয়ে নিজেদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। এ সময় উপস্থিত সকলে ভেদাভেদ ভুলে কবরস্থানের যেকোনো উন্নয়নমূলক কাজে এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তারা কবরস্থান উন্নয়ন কমিটিকে সব ধরনের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পরামর্শ সভা শেষে ওই কবরস্থানে শায়িত সকল মৃত ব্যক্তি, গ্রামবাসী এবং প্রবাসীদের সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ‘বাবুল ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে তাবারুক বিতরণ করা হয়। মহতী এই উদ্যোগে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন গ্রামবাসী।














