ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৮:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
সাধারণ মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস ও ব্লাড প্রেসার (রক্তচাপ) চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া শহরের বর্ডার বাজারস্থ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব প্রাঙ্গণে এই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার মূল আয়োজনে এবং লিও ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক সহযোগিতায় সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত একটানা এই ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পটিতে ১০২ জন নারীসহ মোট ২৮৯ জন সাধারণ মানুষের বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ এ২-এর বর্তমান চাইল্ডহুড ক্যান্সার কমিটির চেয়ারপারসন লায়ন অঞ্জন মল্লিক এফসিএ, পিএমজেএফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি ডায়াবেটিসের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করার পাশাপাশি সমাজকল্যাণে লায়নিজমের সেবার বিস্তৃতি ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য আশিকুল ইসলাম সুমন। তিনি তার বক্তব্যে লায়ন্স ও লিও ক্লাবের এমন মানবিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজনের আহ্বান জানান। ক্যাম্পে আরও বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা লায়ন এ. টি. এম. ফয়েজুল কবির এমজেএফ। পুরো স্বাস্থ্য ক্যাম্পটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নিরলস পরিশ্রম করেন লিও ক্লাবের সদস্যরা। লিও প্রেসিডেন্ট ইভান মিয়ার সুযোগ্য নেতৃত্বে ক্যাম্পটি পরিচালনা করেন ভাইস প্রেসিডেন্ট লিও আবু সুফিয়ান, ভাইস প্রেসিডেন্ট লিও ফাহিম ভূঁইয়া, ক্লাব ট্রেজারার সজিব রায়, জয়েন্ট ট্রেজারার লিও আরশী, লিও পূর্ণা এবং লিও আরিয়ানসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা। বাড়ির কাছে সম্পূর্ণ বিনামূল্যে এমন স্বাস্থ্যসেবা ও পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন বর্ডার বাজার ও এর আশপাশের এলাকার সাধারণ মানুষ।





















