মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি
- আপডেট সময় : ০৯:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়াকে মাদকমুক্ত করতে শুধু মাদকসেবী বা বাহক নয়, বরং মাদকের বড় সিন্ডিকেটের হোতা ও মাফিয়াদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মুঃ জালাল উদ্দিন ফাহিম। একই সঙ্গে তিনি জেলায় কিশোর গ্যাং দমন, যানজট নিরসন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় অপরাধ দমনে তিনি গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। মাদক পরিস্থিতি নিয়ে নবাগত পুলিশ সুপার বলেন, “মাদকের সমস্যা আসলে সবার। বর্তমানে সারা দেশেই এর বিস্তার রয়েছে। আমাদের দেশের কারাগারগুলোর ধারণক্ষমতা এক লাখের কম, অথচ সারা দেশে মাদকসেবীর সংখ্যা ১২ থেকে ১৫ লাখ। আমরা আসলে কতজন মাদকসেবীকে ধরব? মাদকসেবী বা মাদক বহনকারী হাজারখানেক মানুষকে গ্রেফতারের চেয়ে মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে পারলে বেশি কাজ হবে। আমরা তাদের ধরতেই কাজ করছি।” শহরের কিশোর গ্যাংয়ের উৎপাত প্রসঙ্গে এসপি মুঃ জালাল উদ্দিন ফাহিম বলেন, “বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। বিষয়টি নিয়ে আমি আগামী সপ্তাহেই বসব। সাংবাদিকসহ সমাজের সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে প্রকৃত অর্থে কিশোর গ্যাং নির্মূলের চেষ্টা করব।” শহরের যানজট ও রাস্তার বেহাল দশা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার মতো একটি ঐতিহ্যবাহী শহরের প্রধান সড়কের বর্তমান অবস্থা দেখে আমি অবাক হয়েছি। যানজট এখানকার একটি বড় সমস্যা। মোটরসাইকেল ও অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। তবে শিগগিরই অনিবন্ধিত মোটরসাইকেলের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করা হবে।” মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ব্রাহ্মণবাড়িয়ার যানজট, মাদকের বিস্তার রোধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের জন্য পুলিশি সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত এসপির কাছে তুলে ধরেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




















