ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- আপডেট সময় : ০৪:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। সদর উপজেলার সুহিলপুর এলাকায় অভিযান চালিয়ে ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি মাটির নিচ থেকে অবৈধ পাইপলাইন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। এ সময় একজনকে জরিমানাও করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিজিডিসিএল-এর এরিয়া বিতরণ কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার আওতাধীন সুহিলপুর ইউনিয়নের আলমপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। বিজিডিসিএল সূত্র জানায়, বৃহস্পতিবার আলমপাড়া এলাকায় আকস্মিক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ১৮টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ ও স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা হয়। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত ২০০ মিটার (৩/৪ ইঞ্চি ব্যাসের) পাইপলাইন অপসারণ ও জব্দ করা হয়। এছাড়া ওই এলাকার প্রায় ৩০০ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেওয়া হয়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ২টি রেগুলেটর উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর টের পেয়ে অসাধু ব্যবহারকারীরা বাকি রেগুলেটরগুলো আগেই নিজ উদ্যোগে খুলে লুকিয়ে ফেলে। এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার এবং রাষ্ট্রীয় সম্পদ চুরির অপরাধে মোবাইল কোর্ট তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে এবং জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করতে এবং বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে অবৈধ সংযোগের বিরুদ্ধে বিজিডিসিএল-এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।




















