হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) আজ ৩০ জুলাই বৃহস্পতিবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া কর্তৃপক্ষের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী বলেন জনবল সংকট থাকা সত্বেও হাসপাতালের নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়েছে এবং এটি চলমান থাকবে এক্ষেত্রে তিনি সেবাগ্রহীতাদের সহযোগিতা কামনা করেন। বিভিন্ন ওয়ার্ডে ভর্তিকৃত রোগীর সাথে গড়ে ৪/৫ জন ভিজিটর আসেন যা গুণগত সেবাসহ আনুষাঙ্গিক কার্যক্রমকে দারুনভাবে ব্যাহত করে। বর্তমানে হাসপাতালে সাপে কাটা রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী আছে তবে সাপে কাটা রোগীদের অবশ্যই দ্রুত হাসপাতালে আসতে হবে। রশিদ ব্যতিত কোনো ধরণের আর্থিক লেন-দেন না করার জন্য অনুরোধ করা হয়। জরুরী ওয়ার্ডসহ সকল ওয়ার্ডে কর্মরতদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। ওয়ার্ডে যাতে কোনো ধরণের হকার প্রবেশ না করতে না পারে সেই বিষয়ে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। হাসপাতালের কেহ অনৈতিকভাবে কোনো কিছু চাইলে বা সেবা প্রদানে ইচ্ছাকৃত বিলম্ব করলে সঙ্গে সঙ্গে তা কর্তৃপক্ষকে অবহিত করতে অনুরোধ করা হয়। তিনি সভাকে অবহিত করেন যে স্বাস্থ্য নিদের্শক সূচকে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চট্টগ্রাম বিভাগের মধ্যে এক নম্বরে আছে এবং জাতীয়ভাবে পাঁচ নম্বরে। বিশেষ অতিথির বক্তব্যে সহকারী পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন বলেন রোগীদের সাথে আগত ভিজিটরদের নিরুৎসাহিত করতে জনসচেতনতাবৃদ্ধি করতে হবে। এইক্ষেত্রে সংশ্লিষ্ট অংশিজনদের বিশেষ করে জেলা তথ্য অফিসের মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে। মহিলা দালালদের দৌরাত্ব কমাতে হাসপাতাল গেটে একজন নারী পুলিশের প্রয়োজন বলে তিনি মনে করেন। আবাসিক মেডিকেল অফিসার মোঃ শাহীনুর আলম বলেন নিয়মিতভাবে রোগীদের খাবারের মান যাচাই করা হয় এবং হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়টি মনিটরিং করা হয়। কোনো অনিয়ম হলে তা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ইতোমধ্যে হাসপাতালে তেলাপোকা ও ছারপোকা নিধনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে যা চলমান রাখা হবে। সভাপতির বক্তব্যে সনাক সভাপতি জয়দুল হোসেন বলেন হাসপাতালের সেবার মান বৃদ্ধি পেলে দালালরা রোগীদের অন্য হাসপাতালে নিতে পারবে না এবং রোগীরাও আগ্রহী হবে না। তিনি হাসপাতালের সেবার মান বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ দেন। শুভেচ্ছা বক্তব্যে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর সমন্বয়ক শামীম আহমেদ বলেন হাসপাতালে সেবার মান বৃদ্ধি পেয়েছে এবং পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়টি এখন দৃশ্যমান। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য মোঃ মোক্তার হোসেন এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্সসহ ইয়েস ও এসিজি’র সদস্যবৃন্দ।


















