বিজয়নগরে সিসি ক্যামেরা নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ৬
- আপডেট সময় : ০৭:০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১০১৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিসি ক্যামেরা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মামুন ভূইয়া (৩৮), রুজিনা (২৫), মেহেদী (১৮), রাশেদ (১৬), হৃদয় (২৮) ও অন্তর (২৪)। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াগাঁও গ্রামের কাদির মিয়ার ছেলে মামুন ভূইয়া তাদের বাড়ির নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করেন। কিন্তু শনিবার তার চাচা রাজ্জাক মিয়ার ছেলে হৃদয় ও অন্তর ক্যামেরাগুলো নষ্ট করে দেয়ার অভিযোগ ওঠে। পরে রোববার সন্ধ্যায় মামুন ক্যামেরাগুলো মেরামত করতে গেলে হৃদয় ও অন্তর বাধা দেয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে আহত রুজিনা অভিযোগ করেন, হৃদয় ও অন্তর এলাকায় মাদক ব্যবসা করে। এ বিষয়ে প্রতিবাদ করায় তারা তাদের পরিবারকে মারধর করেছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, “ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



























