দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ
- আপডেট সময় : ০৭:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দু’বছর পর নৌকা বাইচ হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকা বাইচ-২০২৬ আয়োজনে প্রস্তুতিমূলক সভায় ১২ই সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া ঝাকঝমকপূর্ন ভাবে নৌকা বাইচ করতে সভায় নানা সিদ্ধান্তও গ্রহন করা হয়েছে। এরআগে ২০২৪ ও ২০২৫ সালে জেলায় নৌকাবাইচ হয়নি। বাইচ আয়োজনের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আবুসাঈদ। অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক রঞ্জন চন্দ্র দে’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: শরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক,জেলা জামায়াত ইসলামীর আমীর মোবারক হোসাইন আকন্দ,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানিম সাহেদ রিপন, সাংবাদিক পীযুষ কান্তি আচার্য,আল আমিন শাহিন,নৌকা বাইচ সংগঠক এডভোকেট মো: ইসহাক প্রমুখ।
সভায় বক্তারা বলেন,ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির শহর। সেই চর্চা অব্যাহত রাখতে হবে। তবে বাইচ আয়োজনে উস্কানিমূলক কোন কিছু করা যাবেনা। বাইচ উপভোগকারীরা তাদের নৌকায় সাউন্ড সিস্টেম চালাতে পারবেনা। বাদ্যযন্ত্র চালিয়ে নাচানাচিও করতে পারবেনা। জেলা প্রশাসক মো: আবুসাঈদ বলেন,আমরা সকলের সহযোগিতায় শান্তিপূর্ন ও আনন্দমুখর পরিবেশে এই বাইচ আয়োজন করতে চায়।



















