সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি
- আপডেট সময় : ০৮:২৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কর্মরত সাংবাদিক মোহাম্মদ মাসুদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক সমাজ। সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত এই মামলা থেকে অবিলম্বে তাকে অব্যাহতির দাবি জানানো হয়েছে। ভুক্তভোগী মোহাম্মদ মাসুদ সরাইল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং বিজয় টিভি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সরাইল উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। স্থানীয় সাংবাদিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৮ জুন রাত পৌনে ৯টার দিকে পাওনা টাকাকে কেন্দ্র করে সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে একজন নিহত হওয়ার পাশাপাশি উভয় পক্ষের অসংখ্য মানুষ আহত হন। এসময় বাজারের কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এসব ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি একাধিক মামলা দায়ের করা হয়। এরই ধারাবাহিকতায় বাজারের একটি টং দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে সরাইল থানায় একটি মামলা দায়ের করে একটি পক্ষ। সাংবাদিকদের অভিযোগ, ওই মামলায় সম্পূর্ণ আক্রোশবশত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি কুচক্রী মহল সাংবাদিক মোহাম্মদ মাসুদকে আসামি করেছে। ঘটনার সঙ্গে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা না থাকলেও তাকে ফাঁসানোর জন্যই এই চক্রান্ত করা হয়েছে।
নিরপরাধ একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলা নথিভুক্ত হওয়ায় সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের (এসপি) সুদৃষ্টি কামনা করেছেন সাংবাদিক নেতারা। তারা জানান, পুলিশ সুপার মহোদয় যেন বিষয়টি গভীরভাবে আমলে নিয়ে সঠিক তদন্তের মাধ্যমে একজন নিরপরাধ সাংবাদিককে এই মিথ্যা মামলা থেকে দ্রুত অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করেন।




















