নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত ১
- আপডেট সময় : ০২:১৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতোয়া পশ্চিম পাড়ার বিলে মাটি কাটার কাজ করার সময় অর্তকিত হামলায় গোঁড়ালি বিচ্ছিন্ন লাল মিয়ার ছেলে লিটন মিয়াকে (২৭) সুচিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আহত ভুক্তভোগী পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে ও সংসদ নির্বাচনে বিএনপির হয়ে কাজ করায় ক্ষুব্ধ আওয়ামী লীগ পন্থীদের হামলায় এ ঘটনাটি ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, খাগাতোয়া বাজার থেকে দীর্ঘচাইল গ্রামে যাওয়ার কাঁচা রাস্তার পাশে কৃষি জমিতে বদলির মাটি কাটার কাজ করছিলেন, গুরুতর আহত লিটন মিয়াসহ আরো কয়েকজন। এ সময় ৩ টি সিএনজি যোগে খাগাতোয়া গ্রামের পূর্ব পাড়ার বালা বাড়ির মঙ্গল মিয়ার ছেলে ইব্রাহিম (৩৮), মৃত রেহমান মিয়ার ছেলে ইকবাল (৪০), মৃত ফারুক মিয়ার ছেলে নাহিদ (৩০), লাল মিয়ার ছেলে জুয়েল (২৬), পিতা অজ্ঞাত পারভেজ (৪০) ও কাবিলা (২২) সহ আরো ১০-১২ জন ভাড়াটে সন্ত্রাসী মিলে দেশী অস্ত্র ও পিস্তল নিয়ে অর্তকিত হামলা করে কুঁপিয়ে জখম করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন প্রত্যক্ষদর্শি ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
লিটনের সাথে থাকা অন্যরা পালিয়ে গেলেও একা পেয়ে রক্তাক্ত করে তাকে। এ সময় হামলাকারিরা যাওয়ার পথে একিই গ্রামের হাজী হুরুন মিয়ার ছেলে শরীফ মিয়ার (৭৭) কাছ থেকে মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নেয়। এঘটনায় রাস্তায় ভাঙ্গা দেশীয় অস্ত্রের বাট, পায়ের গোঁড়ালির হাঁড় ও রক্ত ভেজা দূর্বা ঘাস দেখিয়ে হতাশা প্রকাশ করেন স্থানীয়রা। আহত লিটনের মা হোসনা বেগম কান্নারত অবস্থায় বলেন, তার ছেলেকে কু্পিয়ে জখম করে খালের ধারে ফেলে চলে যায় ঘাতকরা। পরে স্থানীয়রা তাকে ধরাধরি করে হাসপাতালে ভর্তি করেন। তিনি এর বিচার দাবি করেন। প্রত্যক্ষদর্শী ইমন মিয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা করেন ঘাতকরা। তারা এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছত্রছায়ার লোক। তাদের বিরুদ্ধে বিগত দিনেও অস্ত্র নিয়ে এলাকায় হামলা-ভাঙ্গচুরের অভিযোগসহ থানায় মামলা আছে। প্রত্যক্ষদর্শী আরেকজন সাদ্দাম মিয়া জানান, লিটন মিয়া খুবি সাধারণ ঘরের ছেলে। সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের হয়ে কাজ করায় তাকে হামলা করে হত্যার চেষ্টা করে তারা।


























