সরাইলে অভিযান চালিয়ে ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৯:০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) ও বিশেষ উচ্ছেদ অভিযানে ২১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় ও ৩৬৫ মিটার পাইপলাইন জব্দ, ১৮৫ মিটার অবৈধ নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়। ১৭ নভেম্বর ২০২৬ তারিখে বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের আওতাধীন সরাইলের পশ্চিম কুট্টাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল হক সজীব। ‘বাংলাদেশ গ্যাস আইন, ২০১০’, ‘বাংলাদেশ গ্যাস (সংশোধন) আইন, ২০২৬’ এবং সংশ্লিষ্ট নিয়মাবলি লঙ্ঘনের অপরাধ প্রতিরোধে পরিচালিত এই অভিযানে মোট ২১টি অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হয়েছে। এ ছাড়া অবৈধ সংযোগে ব্যবহৃত ৩৬৫ মিটার (৩/৪ ইঞ্চি) পাইপলাইন অপসারণ ও জব্দ এবং প্রায় ১৮৫ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক সম্পূর্ণ নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অপরাধে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া বিক্রয় কার্যালয় ও জনসংযোগ বিভাগের কর্মকর্তাসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।














