বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ
- আপডেট সময় : ০১:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ ৭৬ হাজার ৭৭০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল ও মাদক জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। বিজিবি সূত্র জানায়, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনা—“বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনা ও পরিকল্পনায় রবিবার (১৫ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার ও মাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী ও শংকুচাইল বিওপির টহলদল স্ব-স্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় অবৈধ গরু, চকলেট, মাঞ্চ ওয়েফার বিস্কুট এবং গাঁজা জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫,৭৬,৭৭০ (পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশত সত্তর) টাকা। ব্যাটালিয়ন সূত্র আরও জানায়, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।














