ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর করল ‘আশা’
- আপডেট সময় : ০৮:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে প্রতিবছরের মতো এবারও নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’। কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকের কাছে ৪০০টি কম্বল হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে “আশা”র ডিস্ট্রিক্ট ম্যানেজার (ডিএম) সাব্বির হোসেন আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক মো. আবু সাঈদের হাতে ৪০০টি কম্বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, জেলা এনজিও সমন্বয়ক এসএম শাহীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মো. আরজু, ডিএম আতাউর রহমান, আশার ব্রাহ্মণবাড়িয়া সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার (আরএম) অনিল কুমার সিংহ, সাপোর্ট ইঞ্জিনিয়ার এহসান উল কবির, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার বিজয় চন্দ্র সাহা, মো. মোজাম্মেল হক, সিনিয়র সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মো. জিয়াউর রহমান, মো. মিজানুর রহমান, মো. ফারুক মিয়াসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলায় আশার ৫১টি শাখায় বর্তমানে সদস্যসংখ্যা প্রায় ১ লাখ ১৪ হাজার। এ ছাড়া সংস্থাটির ১২টি শাখার আওতায় ৬০টি শিক্ষা কেন্দ্র পরিচালিত হচ্ছে। পাশাপাশি সরাইল উপজেলার অরুয়াইল এলাকায় আশার একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে আর্থিক ও সামাজিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থাটি। শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণের এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসনীয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।















