আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় এএমআই লিমিটেডের স্টল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে আশির দশকে ব্রাহ্মণবাড়িয়ায় তাঁদের পৈতৃক বাড়িতে অবস্থানকালীন একটি ঐতিহাসিক ছবি তুলে দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ সাদী। পুরোনো সেই ছবিকে ঘিরে স্মৃতিচারণের এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। রোববার (২২ নভেম্বর) মেলায় এএমআই লিমিটেডের স্টল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শেখ সাদী প্রধানমন্ত্রীকে বিশেষ শুভেচ্ছা উপহার হিসেবে ছবিটি প্রদান করেন। ছবিটি দেখে প্রধানমন্ত্রী আশির দশকের স্মৃতিতে ফিরে যান এবং ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে সংশ্লিষ্ট অতীতের নানা স্মৃতিচারণ করেন। এ সময় প্রধানমন্ত্রী স্মরণ করেন শেখ সাদীর সহোদর বড় ভাই প্রয়াত আব্দুল্লাহ আল বাকীকে। তিনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল ও যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি। এ ছাড়া জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি অনার্স কলেজ ছাত্র সংসদের একমাত্র আজীবন সদস্য এবং জেলা বিএনপির সফল সাংগঠনিক সম্পাদক ও সাবেক সিনিয়র সহসভাপতি। জিয়া পরিবারের বিশ্বস্ত ও পরীক্ষিত রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে এ স্মৃতিচারণের সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে শেখ সাদীর পরিচয় করিয়ে দেন। পাশাপাশি এএমআই লিমিটেডের উৎপাদিত পণ্যসামগ্রী ও প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। উল্লেখ্য, এএমআই লিমিটেড দীর্ঘদিন ধরে দেশের কৃষি যান্ত্রিকীকরণ, কৃষি যন্ত্রপাতি উৎপাদন ও কৃষির আধুনিকায়নে কাজ করে আসছে। পাশাপাশি সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এসএসএপি (SSAP) প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে কৃষকদের কাছে কৃষিযন্ত্রপাতি সহজলভ্য করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। এএমআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদী একই সঙ্গে এগ্রিকালচারাল মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (AMMA-B)-এর কোষাধ্যক্ষ এবং অনলাইন সংবাদমাধ্যম ‘সিটিপোস্ট’-এর প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।














