সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ
- আপডেট সময় : ১০:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৬ লাখ ৯৫ হাজার ২০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চোরাচালান পণ্য এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) বিভিন্ন টহল দল এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলামের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সুনিপুণ পরিকল্পনায় বৃহস্পতিবার দিনব্যাপী এই বিশেষ অভিযান চালানো হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, মঈনপুর, চন্ডিদার, মাদলা ও খাদলা বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও বড়জ্বালা বিওপি’র টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, অভিযানে মালিকবিহীন অবস্থায় জব্দকৃত অবৈধ ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে— বাসমতি চাল, গরু, ধানের বীজ এবং অরিও বিস্কুট। এছাড়াও বিপুল পরিমাণ প্রসাধন ও ওষুধ সামগ্রী জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে— সেভেন অয়েল, অলিভ অয়েল, ভিটামিন ইনজেকশন, রুটারেস সিরাপ এবং ল্যাব জিনসিন সিরাপ। পাশাপাশি অভিযানে অবৈধ মাদকদ্রব্য— বিয়ার ও গাঁজা উদ্ধার করা হয়েছে। চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। সব মিলিয়ে জব্দকৃত এসব মালামাল, মাদক ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৯৫ হাজার ২০০ টাকা। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, বিজিবি মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’— এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, দেশের সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন), নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা কঠোরভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই চোরাচালান পণ্য ও মাদক জব্দ করা হয় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।














