ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে এসিজি ও ভূমি কর্তৃপক্ষের মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৯:০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভূমি সেবার মানোন্নয়ন ও হয়রানি রোধের লক্ষ্যে অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি)-এর উদ্যোগে উপজেলা ভূমি কর্তৃপক্ষের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর অনুপ্রেরণায় গঠিত এসিজি (ভূমি) এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “ভূমির সেবা বর্তমানে ডিজিটাল হওয়ায় সেবাগ্রহীতারা আগের চেয়ে অনেক সহজেই সেবা নিতে পারছেন। তবে উপজেলা সদর ভূমি অফিসে পর্যাপ্ত জায়গা না থাকায় সেবাগ্রহীতাদের বসতে বা বিশ্রাম নিতে সমস্যা হচ্ছে।” এ সময় তিনি নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সেবা প্রদানের জন্য সহকারী কমিশনার (ভূমি)-কে পরামর্শ দেন। একইসঙ্গে ভূমি সংক্রান্ত যেকোনো কাজে দালালদের দ্বারস্থ না হয়ে সরাসরি ভূমি অফিসে গিয়ে দায়িত্বপ্রাপ্ত সেবাদানকারীদের সাথে যোগাযোগের জন্য সাধারণ সেবাগ্রহীতাদের প্রতি আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোহাম্মদ মর্তুজা বলেন, “ভূমি অফিসে একসময় মামলার অনেক জট ছিল, যা বর্তমানে উল্লেখযোগ্য হারে কমে এসেছে। নিয়মতান্ত্রিক উপায়ে অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করলে এখন খুব সহজেই নামজারিসহ অন্যান্য ভূমিসেবা দ্রুত প্রদান করা হচ্ছে।” সনাক সভাপতি জয়দুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, “অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি) সেবাগ্রহীতাদের নিয়ে উঠান বৈঠক করে। সেখানে সেবা নিতে গিয়ে যেসব সমস্যার কথা উঠে আসে, আমরা সেগুলোই এখানে উপস্থাপন করি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিযোগ বাক্স স্থাপন, হেল্প ডেস্ক চালু করা এবং সেবাপ্রার্থীদের যৌক্তিক সেবা প্রদানে বিলম্ব না করলে সাধারণ মানুষ ভীষণ উপকৃত হবেন।” বর্তমানে সর্বত্র মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন। শুভেচ্ছা বক্তব্যে সনাক সদস্য মো. আরজু মিয়া বলেন, “সনাক সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বর্তমানে ভূমিসেবা পূর্বের তুলনায় অনেক ভালো চলছে। এই ইতিবাচক ধারাবাহিকতা বজায় রাখতে হবে।” টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. আবদুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য মোক্তার হোসেন, ভূমি বিষয়ক এসিজির সমন্বয়ক সঞ্জয় কুমার দাস, স্বাস্থ্য বিষয়ক এসিজির সমন্বয়ক শামীম আহম্মেদ এবং ভূমি বিষয়ক এসিজির সহ-সমন্বয়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া প্রমুখ। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন খন্দকার শফিকুল আলম, রিপন দেবনাথ, ইয়েস দলনেতা রাজীবসহ এসিজি ও ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ। উপস্থিত সকলে ভূমি সেবাকে আরও জনবান্ধব করার ক্ষেত্রে নিজেদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।














