কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ
- আপডেট সময় : ০৮:২৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৫ লাখ ৪৬ হাজার ৮৬০ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) বিভিন্ন টহল দল এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলামের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও সুনিপুণ পরিকল্পনায় রবিবার দিনব্যাপী এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অংশ নেয়।
বিজিবি জানায়, অভিযানে জব্দকৃত অবৈধ ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে— শাড়ি, গরু, আতশবাজি, ফুসকা, চকলেট এবং বিপুল পরিমাণ প্রসাধন ও ওষুধ সামগ্রী। প্রসাধনীর মধ্যে উল্লেখযোগ্য হলো— ফেসওয়াশ, বেবি পাউডার, অলিভ অয়েল, নবরত্ন তেল, বডি লোশন, সাবান এবং ডেরোবিন ক্রিম। সব মিলিয়ে জব্দকৃত এসব চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৪৬ হাজার ৮৬০ টাকা। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, বিজিবি মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’— এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, দেশের সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন), নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা কঠোরভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই চোরাচালান পণ্য জব্দ করা হয় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
















