আখাউড়ায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৫৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ২২০ বার পড়া হয়েছে
র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ১৫.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া বাজার এলাকায় অবস্থানকালে শনিবার (৩ জানুয়ারি) আনুমানিক রাত ৪.৫০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, আখাউড়ার মোগড়া ইউপির কৌরাতলী এলাকার বাঁশ বাগানের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরে তাকে তল্লাশি করে নীল ও কালো রংয়ের ২টি ব্যাগের ভিতর থেকে নীল পলিথিনের উপর খাকী রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৫.৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি- নাজমুল হোসেন নূর (২০), পিতা- মৃত কামাল উদ্দিন, আটঘড়িয়া, পলাশবাড়ি, গাইবান্ধা। গ্রেফতারকৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।














